জামায়াত ভোটকেন্দ্রে সশস্ত্র শিবির ক্যাডার মোতায়েন করবে জানিয়ে দলটির আমীর মন্তব্য করেননি, কালের কন্ঠের ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘প্রতি ভোটকেন্দ্রে ৫ জন সশস্ত্র শিবির ক্যাডার মোতায়েন করবে জামায়াত’ শীর্ষক দাবিতে দৈনিক কালের কন্ঠ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে কালের কন্ঠ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কন্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘১৯ নভেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কন্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কন্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

কালের কণ্ঠ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলার বিষয়ে সাম্প্রতিক বক্তব্য অনুসন্ধানে ইত্তেফাক এর ওয়েবসাইটে গত ১৯ নভেম্বর ‘প্রতি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৯ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রতি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন করে সেনা সদস্য মোতায়েন করলে কার্যকর নিরাপত্তা নিশ্চিত হবে না।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরকে উদ্ধৃত করে ‘প্রতি ভোটকেন্দ্রে ৫ জন সশস্ত্র শিবির ক্যাডার মোতায়েন করবে জামায়াত’ শিরোনামে কালের কন্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Kaler Kantho- Facebook Page
- Kaler Kantho- Website
- Kaler Kantho- YouTube
- Dr. Shafiqur Rahman – Facebook Page
- আজকের পত্রিকা – প্রতি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত

