হাদির ওপর হামলার ঘটনায় জামায়াতকে জড়িয়ে বার্তা বাজারের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেন নামের দুই ব্যক্তির নাম উঠে এসেছে। এই ঘটনার প্রেক্ষাপটে ওই দুই ব্যক্তির ছবি ব্যবহার করে ‘ওসমান হাদিকে হত্যার জন্য দুই কোটি টাকা দিয়েছে জামায়াত, ভারতে পালিয়ে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস ঘাতকের’ শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে বার্তা বাজার কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। পাশাপাশি হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে এমন কোনো ফেসবুক স্ট্যাটাসের অস্তিত্বও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, অভিযুক্তদের নিয়ে বার্তা বাজারের একটি ভিন্ন ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১৫ ডিসেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে বার্তা বাজারের ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যালোচনা করে এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে ১৫ ডিসেম্বর প্রকাশিত ‘ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের’ শিরোনামের একটি ফটোকার্ড পাওয়া যায়।
ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সঙ্গে এর সাদৃশ্য রয়েছে। তবে শিরোনামে পার্থক্য রয়েছে। মূল ফটোকার্ডে ‘ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে লেখা রয়েছে ‘ওসমান হাদিকে হত্যার জন্য দুই কোটি টাকা দিয়েছে জামায়াত, ভারতে পালিয়ে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস ঘাতকের’।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বার্তা বাজারের মূল ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হোসেন ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারতে পালিয়ে গিয়ে ফয়সাল করিম মাসুদ একটি ভারতীয় নম্বর ব্যবহার করে কয়েকটি নম্বরে নিজের সেলফি পাঠিয়েছেন। তার দাবি অনুযায়ী, ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা এবং বিশেষ গোয়েন্দা সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তবে উক্ত প্রতিবেদনসহ অন্যান্য গণমাধ্যম সূত্রে অভিযুক্তদের পক্ষ থেকে জামায়াতকে জড়িয়ে এমন কোনো ফেসবুক পোস্টের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘ওসমান হাদিকে হত্যার জন্য দুই কোটি টাকা দিয়েছে জামায়াত, ভারতে পালিয়ে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস ঘাতকের’ শিরোনামে বার্তা বাজারের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Barta Bazar : Facebook Post

