সম্প্রতি, ‘আশুগঞ্জে ফেনসিডিল ও গাজাসহ মাদক কারবারি জামায়াত নেতা গ্রেফতার’ শিরোনামে আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আশুগঞ্জে ফেনসিডিল ও গাজাসহ মাদক কারবারি জামায়াত নেতা গ্রেফতার’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১২ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, আমার দেশ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ছবি যাচাই
আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ফেসবুক পেজে গত বছরের ১১ অক্টোবর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।
উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ২০২৫ সালের ১০ আগস্ট আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন আশুগঞ্জ সদর ইউনিয়নের বড়তল্লা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৩০(ত্রিশ) বোতল স্কফ সিরাপ ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি Suzuki Gixxer মোটর সাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতারাং, ‘আশুগঞ্জে ফেনসিডিল ও গাজাসহ মাদক কারবারি জামায়াত নেতা গ্রেফতার’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Brahmanbaria District Police- Facebook Post
- Rumor Scanner’s Analysis


