যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জামায়াত নেতা নয়, সাবেক যুবদল নেতা আটক

সম্প্রতি ‘নির্বাচন বানচালের চেষ্টা, অ/স্ত্রসহ যৌথবাহিনীর জালে আ/টক জামায়াত নেতা…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আটকের ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক যুবদল নেতাকে আটকের ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম বৈশাখী টিভির ফেসবুক পেজে গত ০৫ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক যুবদল নেতাকে আটকের দৃশ্য। একই বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ০৫ ফেব্রুয়ারি ভোর রাতে সাভারের আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর আলম মণ্ডলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহাঙ্গীর আলম মণ্ডল (৪৫) ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। এসব প্রতিবেদনে উক্ত অভিযানে কোনো জামায়াত নেতার আটক হওয়ার তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক যুবদল নেতাকে আটকের দৃশ্যকে জামায়াত নেতাকে আটকের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Boishakhi TV – Facebook Post
- Jamuna TV – Facebook Post
- দেশ রূপান্তর – আশুলিয়ায় সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

