বিএনপি সমর্থককে জামায়াত নেতার মারধর দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, জামায়াতে ইসলামীর এক নেতা বিএনপি সমর্থন করায় একজনকে মারধর ও পানিতে চুবিয়ে শাস্তি দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বিএনপি সমর্থককে জামায়াত নেতার মারধর ও পানিয়ে চুবিয়ে শাস্তি দেওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, রাজশাহী–৫ (পুঠিয়া ও দুর্গাপুর) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে যুবদল নেতার একজনকে মারধরের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে চ্যানেল ২৪-এর সাব ফেসবুক পেজ দেশ ২৪-এ গত ২৬ ফেব্রুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, ভিডিওটি রাজশাহীর পুঠিয়ায় বিএনপি বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করায় ভুট্টু নামের একজন বিএনপি নেতার এক ব্যক্তিকে পুকুরে চুবিয়ে নির্যাতন করার ঘটনার।

পরবর্তীতে উক্ত ঘটনায় মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–৫ (পুঠিয়া ও দুর্গাপুর) আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের বিরোধী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিমের হয়ে কাজ করায় এক কাঠমিস্ত্রিকে লাঠিপেটা ও পুকুরে নামিয়ে ‘অজু–গোসল’ করান পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন। মারধরের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
একই ঘটনায় আরেক গণমাধ্যম যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আলী হোসেন নামের যুবদলের সাবেক এই নেতার ডাকনামই ভুট্টু।
সুতরাং, বিএনপির বিরোধী প্রার্থীর হয়ে নির্বাচনে কাজ করায় যুবদল নেতার কাঠমিস্ত্রিকে মারধরের ঘটনার ভিডিওকে জামায়াত নেতার বিএনপি সমর্থককে মারধরের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Desh 24 Facebook Post
- Prothom Alo Website: রাজশাহীতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে মারধর, পানিতে নামিয়ে ‘অজু–গোসল’
- Jugantor Website: ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের পানিতে নামিয়ে অজু করানোর অভিযোগ
- Rumor Scanner’s Analysis

