আসন্ন নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ বিষয়ে দলটির আমীরকে জড়িয়ে কালের কন্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘গনভোট না দিলে জাতীয় নির্বাচনে অংশ নেবেনা জামায়াত: শফিকুর রহমান’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে ও তার ছবি যুক্ত করে মূলধারার গণমাধ্যম কালের কন্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে কালের কন্ঠ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কন্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘৩১ অক্টোবর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কন্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কন্ঠের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

কালের কণ্ঠ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

গণভোটের বিষয়ে শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্য অনুসন্ধানে BanglaNews24 এর ওয়েবসাইটে গত ০১ নভেম্বর ‘গণভোট না হলে নির্বাচনের দুই পয়সারও মূল্য নেই: জামায়াত আমির’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না। আমাদের অবস্থান খুব পরিষ্কার-গণভোট আগে হতে হবে। না হলে এটা মূল্যহীন। এটার দুই পয়সারও মূল্য নেই। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রাবিরতিকালে গত ৩১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তার উক্ত বক্তব্যে তিনি ‘গনভোট না দিলে জাতীয় নির্বাচনে অংশ নেবেনা জামায়াত’ বলেছেন দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরকে উদ্ধৃত করে ‘গনভোট না দিলে জাতীয় নির্বাচনে অংশ নেবেনা জামায়াত’ শিরোনামে কালের কন্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: