জামায়াত-শিবির এবং বিএনপির বিরুদ্ধে অগ্নিসংযোগের পাল্টাপাল্টি অভিযোগে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার 

সম্প্রতি ‘বিএনপি নেতার বাড়িতে আগুন দিলো জামায়াত-শিবিরের নেতাকর্মীরা’ এবং ‘জামায়াত কর্মীরে বাড়িতে আগুন দিলো বিএনপি’- এমন পাল্টাপাল্টি দাবিতে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এর মধ্যে একটি দাবিতে উল্লেখ করা হয়, ‘রংপুরে বিএনপি নেতার বাড়ি আ*গু*ন দিলেন জামাত শিবিরের নেতা কর্মীরা’।

এবং আরেকটি দাবিতে উল্লেখ করা হয় ‘জা/মায়াত কর্মীর বাড়িতে আ/গুন দিলো বি/এনপি।’।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কোনো অগ্নিসংযোগের ঘটনার দৃশ্য নয় এবং এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এছাড়া, ঘটনাটি রংপুরে ঘটেনি। প্রকৃতপক্ষে, ফেনী জেলার বিরিঞ্চিতে গৃহস্থালি দুর্ঘটনা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘ফেনী গেজেট-Feni Gazette’ নামক ফেসবুক পেজে গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ফেনী সদর এলাকার বিরিঞ্চির খন্দকার বাড়িতে

রাত আনুমানিক ৯:০০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ খবর অনুযায়ী ধারণা করা হয় যে কয়েল থেকে আগুন লেগেছে। তবে ঘরটি প্রায় পুরোপুরি ভষ্মিভূত হয়ে গেছে। এই ঘটনায় রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করা হয়।

পরবর্তীতে, এ বিষয়ে ফেনীর স্থানীয় গণমাধ্যম ‘দৈনিক ফেনী’ এর ফেসবুক পেজে গত ১৩ ফেব্রুয়ারি ‘আ/গুন কেড়ে নিল সব, ফেনীর বিরিঞ্চিতে নিঃস্ব নবদম্পতি’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে সংযুক্ত অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ির ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে দেখা যায়, ‘৭:২০ এ আমাদের এখানে আগুন লাগে, চুলা থেকে আগুনটা লেগেছিল। আমাদের এখানে আমরা কিছু বাঁচাইতে পারিনাই, আমাদের সব শেষ। আমার টাকা-পয়সা ছিল, জায়জিনিস যা ছিলো সব জ্বলে ছারখার হই গেছে। শুধু আমার এখন বাড়িতে শুধু পিলারগুলাই দাঁড়াই আছে শুধু। উক্ত প্রতিবেদনটিতে অগ্নিকাণ্ডের ভুক্তভোগীর রাজনৈতিক পরিচয় কিংবা অগ্নিকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, Fenir Prottoy নামক ফেসবুক পেজে উক্ত ঘটনার ভুক্তভোগী পরিবারের লাকি নামক এক নারী সদস্যের বক্তব্য খুঁজে পাওয়া যায়। তার বক্তব্যে তিনি অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা ও ক্ষয়ক্ষতির বিষয় উল্লেখ করে। তার বক্তব্যে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, রংপুরে বিএনপি নেতার বাড়িতে জামায়াত-শিবিরের অগ্নিসংযোগ এবং জামায়াত কর্মীর বাড়িতে বিএনপির অগ্নিসংযোগের পাল্টাপাল্টি দাবিতে ফেনীর বিরিঞ্চিতে বসতবাড়িতে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: