সম্প্রতি, “বিএনপি সন্ত্রাসীরা জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল সিকদারকে পিটিয়ে হ/ত্যা করে জামাত-বিএনপি সন্ত্রাসীরা, এর বিচার একদিন বাংলার মাটিতেই হবে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কোনো সাবেক ছাত্রলীগ নেতাকে বিএনপি ও জামায়াত ইসলামীর লোকজন কর্তৃক হত্যার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘miracle_news1’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতবছরের ৮ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, হায়দরাবাদ শহরের কাপরা এলাকায় ভেঙ্কটা রত্নম (৫৪) নামক এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে গত বছরের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রিয়েল এস্টেট ব্যবসায়ী ঘণ্টা ভেঙ্কটা রত্নমের ওপর ফস্টার বিলাবং স্কুলের সামনে হামলার ঘটনা ঘটে। সন্তানকে স্কুলে নামিয়ে স্কুটারে করে বাড়ি ফেরার পথে দুই ব্যক্তি মোটরসাইকেলে এবং আরও চারজন অটোরিকশায় এসে স্কুলের ঠিক সামনে তার ওপর আক্রমণ চালায়। নৃশংস ওই হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুতরাং, ভারতের ভিডিওকে বাংলাদেশে সাবেক ছাত্রলীগ নেতাকে বিএনপি জামায়াত কর্তৃক হত্যার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- miracle_news1 – Instagram Post
- NDTV – AppOn CCTV, Telangana Man Killed By 6 Men With Knives Outside Child’s School


