জামালপুরে কৃষকের শুকনো জমির দৃশ্য দাবিতে ভারতের ছবি প্রচার করলো আওয়ামী লীগ

গত ৩ মে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে শুকনো জমিতে এক কৃষকের বসে থাকার একটি ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জামালপুরে রহিম মিয়ার জমি শুকাচ্ছে, ঢাকায় এসিতে বসে থাকা বিএনপির কেউ টের পাচ্ছে না’।

অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ছবিটি সম্প্রতি জামালপুরের। উল্লেখ্য যে, পোস্টটিতে জ্বালানি তেল সংকটসহ কৃষকদের ক্ষতির বিষয়েও লেখা হয়েছে।

এরূপ দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও, পরবর্তীতে নানা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকেও আলোচিত দাবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি জামালপুরের নয়। প্রকৃতপক্ষে ২০১২ সালের ৩ আগস্টে ধারণকৃত ভারতের জম্মু থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে রণবীর সিং পুরায় একজন ভারতীয় কৃষক ও তার শুকিয়ে ফেটে যাওয়া ধানক্ষেতের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘ইয়াহু’ এর ওয়েবসাইটে ২০১২ সালের ৩ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস (এপি) এ প্রকাশিত হয়েছিল। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে হুবহু মিল পাওয়া যায়। ছবিটির বর্ণনায় বলা হয়, ‘২০১২ সালের ৩ আগস্ট, শুক্রবার, ভারতের জম্মু থেকে প্রায় ৩৪ কিলোমিটার (২১ মাইল) দূরে রণবীর সিং পুরায় একজন ভারতীয় কৃষক তার শুকিয়ে যাওয়া এবং ফেটে যাওয়া ধানক্ষেত দেখাচ্ছেন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, জুন থেকে সেপ্টেম্বর মাসের এই মৌসুমি মৌসুমে অন্তত ১০ শতাংশ কম বৃষ্টিপাত হতে পারে। এই ঘাটতির কারণে বিদ্যুৎ-স্বল্পতায় থাকা দেশটিতে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে, কারণ কৃষকরা তাদের জমিতে সেচ দেওয়ার জন্য পাম্পের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। এপি ফটো/চান্নি আনন্দ’ (অনূদিত)

এছাড়াও, উক্ত ছবি পরবর্তীতে এপি’র সূত্রে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, ভয়েস অফ আমেরিকা, দ্যা হিন্দুসহ নানা গণমাধ্যমে প্রচার করা হয়েছে। সব প্রতিবেদনে ছবিটি ভারতের জম্মুর কাছে ভারতের এক কৃষকের জমির বলা হয়েছে।

উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি বাংলাদেশের জামালপুরের নয়।

পরবর্তীতে আওয়ামী লীগের প্রচারিত পোস্টে উল্লিখিত কৃষক রহিম মিয়ার ঘটনার বিষয় যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট এর ওয়েবসাইটে ‘ইসলামপুরে এক সপ্তাহ ধরে নেই জ্বালানি তেল শিরোনামে’ গত ২৮ এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে কৃষক রহিম মিয়া নামে এক ব্যক্তিকে উদ্ধৃত করে বলা হয়, চাষাবাদ এখন জ্বালানির ওপর নির্ভরশীল। ডিজেলের কারণে বোরো আবাদি জমিতে সেচ দিতে না পারায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফসলের ক্ষেত ফেটে যাচ্ছে। সময়মতো সেচ দিতে না পারলে ফলন কম হবে।

এছাড়াও, একই প্রতিবেদনে বৈশ্বিক সংকটের কারণে ইসলামপুর উপজেলার একমাত্র ফিলিং স্টেশনের ওপর চাপ বাড়া ও নানা পেশার মানুষদের দুর্ভোগ পোহানোর বিষয়ে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, জামালপুরে মানুষদের সমস্যা বা দুর্ভোগের তথ্যের আংশিক সত্যতা থাকলেও এর সাথে প্রচারিত ছবির কোনো সম্পৃক্ততা নেই।

সুতরাং, সম্প্রতি জামালপুরে কৃষকের শুকনো জমির ছবি দাবিতে ভারতের জম্মুর প্রায় ১৪ বছর পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: