‘নিষিদ্ধ ছাত্রলীগ রাস্তা বন্ধ করে দিল’ শিরোনামে যমুনা টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘নিষিদ্ধ ছাত্রলীগ রাস্তা বন্ধ করে দিল’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক কোনো রাস্তা বন্ধ করার দৃশ্য নয় এবং যমুনা টিভিও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৭ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ফেসবুক পেজে গত ৭ ডিসেম্বর ‘গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, যমুনা টিভির লোগো এবং আলোচিত ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়া, যমুনা টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত যমুনা টিভির ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধের জেরে রবিবার (৭ ডিসেম্বর) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিলে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি নির্বাচনী প্রচার অফিস ভাঙচুরও করা হয় এবং অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
সুতরাং, ‘নিষিদ্ধ ছাত্রলীগ রাস্তা বন্ধ করে দিল’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna TV – Facebook Page
- Jamuna TV – Website
- Jamuna TV – YouTube Channel
- Jamuna TV – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis

