চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয় কর্মী খুন বিষয়ে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে যমুনা টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরুতে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কিছু মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, “কোন কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়।”
তারেক রহমানের এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর “চাদাবাজি, ঢেন্ডাবাজি, দলিও কর্মী খুন এটা কি তারেক রহমান সাহেব এর ইখতিয়ার নাকি.?” বলে মন্তব্য করেছেন দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে জড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবি সংবলিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ফেসবুক পেজে গত ২২ জানুয়ারি ‘তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো’ শিরোনামে মির্জা ফখরুলের বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে যমুনা টিভির লোগো এবং বিএনপি মহাসচিবের ছবির মিল রয়েছে। তবে, উভয় শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও যমুনা টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, দেশিয় অন্য কোনো সংবাদমাধ্যমেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এরুপ কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, তার অফিশিয়াল ফেসবুক পেজেও এরুপ কোনো মন্তব্য প্রচার হতে দেখা যায়নি।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে “চাদাবাজি, ঢেন্ডাবাজি, দলিও কর্মী খুন এটা কি তারেক রহমান সাহেব এর ইখতিয়ার নাকি?” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel I: কোন কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়: তারেক রহমান
- Jamuna Television: Facebook Page
- Jamuna Television: Website
- Jamuna Television: Youtube Channel
- Jamuna Television: Facebook Post
- Mirza Fakhrul Islam Alamgir: Facebook Page
- Rumor Scanner’s Analysis

