লন্ডনে অজিত দোভালের সাথে জামায়াত আমীরের বৈঠক দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি যুক্তরাজ্য সফর করেছেন। এরই প্রেক্ষিতে হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে “লন্ডনে অজিত দোভালের সাথে জামায়াত আমীরের বৈঠক” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “লন্ডনে অজিত দোভালের সাথে জামায়াত আমীরের বৈঠক” শিরোনামে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা হিন্দুস্তান টাইমসও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগোর উল্লেখ রয়েছে। তবে, এটি প্রকাশের তারিখ উল্লেখ পাওয়া যায়নি।
উল্লেখিত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট, ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও “লন্ডনে অজিত দোভালের সাথে জামায়াত আমীরের বৈঠক” শীর্ষক কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
তাছাড়া, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
সুতরাং, জামায়াতের আমীরকে উদ্ধৃত করে “লন্ডনে অজিত দোভালের সাথে জামায়াত আমীরের বৈঠক” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television: Facebook Page
- Jamuna Television: Website
- Jamuna Television: Youtube Channel

