ঢাকায় সহিংসতা প্রসঙ্গে জামায়াত আমীর ও ইলিয়াসকে জড়িয়ে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে “ঢাকায় সহিংসতার উস্কানিদাতা ইলিয়াস। ইলিয়াসের পাশে থাকার ঘোষনা জামায়াতের” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ঢাকায় সহিংসতার উস্কানিদাতা ইলিয়াস। ইলিয়াসের পাশে থাকার ঘোষনা জামায়াতের” শিরোনামে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগোর উল্লেখ রয়েছে। তবে, এটি প্রকাশের তারিখ উল্লেখ পাওয়া যায়নি।
উল্লেখিত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট, ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও ঢাকায় সহিংসতার উস্কানিদাতা ইলিয়াসের পাশে থাকার ঘোষনা জামায়াতের শীর্ষক কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম ‘IBTV USA’ এর ইউটিউব চ্যানেলে গত ২৪ অক্টোবরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের সাক্ষাতের বিষয়ে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসের শেষের দিকে শফিকুর রহমানের যুক্তরাষ্ট্র সফরে যান। এসময়ে নিউইয়র্কে এক অনুষ্ঠানে ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত কেউ জামায়াতের দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে তিনি বিনা শর্তে মাফ চান।
সুতরাং, জামায়াতের আমীরকে উদ্ধৃত করে “ঢাকায় সহিংসতার উস্কানিদাতা ইলিয়াস। ইলিয়াসের পাশে থাকার ঘোষনা জামায়াতের” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television: Facebook Page
- Jamuna Television: Website
- Jamuna Television: Youtube Channel
- IBTV USA: নিউ ইয়র্কে জামায়াতের আমীর এবং ইলিয়াস হোসেন
- Prothom Alo: বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

