সম্প্রতি, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ছবিসহ যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে ‘নবনির্বাচিত আইনমন্ত্রী হাসানাত আব্দুল্লাহ।’।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া হাসনাত আবদুল্লাহও আইনমন্ত্রী নির্বাচিত হননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে এই তথ্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যমুনা টিভির লোগো দেখতে পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া আলোচিত দাবিটি গত ২০ মার্চ প্রকাশিত হয়। তবে, গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা টাইমসে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় এ দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব পান অ্যাডভোকেট আসাদুজ্জামান। সর্বশেষ গত ২৩ মার্চ এই প্রতিবেদন লেখার সময়ও তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন।
সুতরাং, হাসনাত আবদুল্লাহ আইনমন্ত্রী নির্বাচিত হওয়ার দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna TV – Facebook Page
- Jamuna TV – Website
- Jamuna TV – YouTube Channel
- Dhaka Times – আইনজীবী থেকে আইনমন্ত্রী হলেন আসাদুজ্জামান
- The Daily Star – রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী
- Rumor Scanner’s Analysis


