যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে আ.লীগের কাল্পনিক কর্মসূচির প্রচারণা; নেপথ্যে একটি ফেসবুক অ্যাকাউন্ট

  • ৮ দিনে ১৫টি ভুয়া ফটোকার্ড প্রচার
  • এসব ফটোকার্ডে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির দাবি করা হয়েছে
  • প্রতিটি ফটোকার্ড যমুনা টিভির ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে
  • দেশের বিভিন্ন জেলায় কাল্পনিক কর্মসূচির দাবি, সবচেয়ে বেশি দাবি গোপালগঞ্জকে ঘিরে
  • এসব পোস্টে প্রায় ৬০ হাজার প্রতিক্রিয়া পড়েছে
  • পুরো প্রচারণা চালানো হয়েছে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম। নির্বাচনের পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ বা তালা খোলার ঘটনা সামনে আসতে থাকে। যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা।

তবে কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক দলের মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার চেষ্টা নতুন কোনো ঘটনা নয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দলটির সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান নেন। অন্যদিকে, তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী দেশে অবস্থান করেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বা অনুরূপ কর্মসূচির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এসব কর্মকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপতথ্যও ছড়াতে দেখা যায়। কখনো পুরোনো মিছিলের ভিডিওকে সাম্প্রতিক কার্যক্রম দাবি করে আবার কখনো ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির ছবি ও ভিডিওকে আওয়ামী লীগের কার্যক্রম দাবিতে প্রচার করে।

রিউমর স্ক্যানারের নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের অংশ হিসেবে এমনই একটি ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়। ‘Shuvo Gine’ নামের ওই অ্যাকাউন্ট থেকে সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের লোগো ও ডিজাইন ব্যবহার করে নিয়মিতভাবে ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করা হচ্ছে। অ্যাকাউন্টটিতে গত ৮ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সংক্রান্ত যমুনা টেলিভিশনের লোগো সংবলিত এমন ১৫টি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। এসব পোস্টে সম্মিলিতভাবে প্রায় ৫৯ হাজার ৩৭০টি প্রতিক্রিয়া পড়েছে। এছাড়া পোস্টগুলো প্রায় ৩ হাজার ৪৮১ বার বিভিন্ন অ্যাকাউন্ট বা পেজ থেকে শেয়ার করা হয়েছে।

এই প্রতিবেদনে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত প্রতিটি ফটোকার্ড পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ফটোকার্ড যাচাই ১

গত ৮ মার্চ অ্যাকাউন্টটিতে আওয়ামী লীগের কর্মসূচি সংক্রান্ত যমুনা টিভির লোগো সংবলিত প্রথম ফটোকার্ডটি প্রচার করা হয়। প্রচারিত ফটোকার্ডটিতে মশাল সদৃশ্য বস্তু হাতে মিছিলরত একদল মানুষের একটি ছবি ব্যবহার করে দাবি করা হয়, এটি গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল কর্মসূচির ছবি। সাধারণত যমুনা টিভির ফটোকার্ডে প্রকাশের তারিখ উল্লেখ থাকে। তবে আলোচিত ফটোকার্ডটিতে কোনো তারিখ দেখা যায়নি। তাই অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। তবে পর্যালোচনায় উক্ত ছবি ও শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড-ই গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত হতে দেখা যায়নি।

এছাড়াও যমুনা টিভির ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত এই ফটোকার্ডের শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এই ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি ২০২৫ সালের ২৯ ডিসেম্বর স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে ধারণ করা হয়েছে। মূলত ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে এডিনবার্গে ৪ দিনব্যাপী Edinburgh’s Hogmanay উৎসব আয়োজিত হয়। যা ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলে।

উল্লিখিত এই উৎসবটি একটি মশাল মিছিলের মাধ্যমে শুরু করা হয়। ছবিটি সেবছরের ওই মশাল মিছিলের। যেটিকে প্রচারিত এই ভুয়া ফটোকার্ডে আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে দাবি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ২

পরবর্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের মশাল মিছিলের দাবিতে আরেকটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায় অ্যাকাউন্টটিতে। উক্ত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানেও যমুনা টিভির ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। পাশাপাশি আগের ফটোকার্ডটির মত এটিতেও ফন্টজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়।

এছাড়াও অনুসন্ধানে দেখা যায়, ছবিটি আওয়ামী লীগের কোনো কর্মসূচির নয় বরং, ছবিটি ২০২৩ সালে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ১১তম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে পাবনায় আয়োজিত জেলা বিএনপির একটি মশাল মিছিলের।

ফটোকার্ড যাচাই ৩

বিভিন্ন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকার শাহবাগ দখলে নিয়েছে দাবিতে যমুনা টিভির লোগো সংবলিত আরেকটি ফটোকার্ড পরবর্তীতে অ্যাকাউন্টটি থেকে প্রচার করা হয়। গণমাধ্যমটির ফেসবুক পেজে উক্ত ফটোকার্ডটিরও সন্ধান পাওয়া যায়নি। পাশাপাশি অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২১ সালের ১৯ অক্টোবরের। সেসময় দেশের বিভিন্ন স্থানে ‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করে আওয়ামী লীগ। ছবিটি আওয়ামী লীগের পুরোনো ওই কর্মসূচির। যেটি ব্যবহার করে যমুনা টিভির নামে প্রচারিত ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ৪

গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলের দাবিতে অ্যাকাউন্টটি থেকে আরও একটি ফটোকার্ড প্রচার করা হয়। অনুসন্ধানে দেখা যায়, যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটিও ভুয়া। গত বছরের ১৮ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আয়োজিত তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে অনুষ্ঠিত মশাল প্রজ্বলনের এই ছবিটি ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচারিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ৫

‘ঢাকা মহানগর উত্তরায় আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিল’ শিরোনামে যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড অ্যাকাউন্টটিতে প্রচারিত হতে দেখা যায়। উক্ত ফটোকার্ডটিতেও আগেরগুলোর মত তারিখ উল্লেখ না থাকায় গণমাধ্যমটির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখে রিউমর স্ক্যানার। তবে যমুনা টিভির পেজে উল্লিখিত শিরোনাম ও ছবি সংবলিত কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি ২০২৩ সালে বিএনপি-জামায়াতের ডাকা দুদিনব্যাপী অবরোধের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের ঘটনার। অর্থাৎ, এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ফটোকার্ড যাচাই ৬

যমুনা টিভির লোগো সংবলিত আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়, সিলেটে আওয়ামী লীগ বিশাল ঝটিকা মিছিল করেছে। তবে গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যালোচনা করে এমন ছবি ও শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, ২০২২ সালে সিলেটে বিএনপি-জামায়াতের বিরূদ্ধে সিলেট মহানগর আওয়ামী লীগের করা বিক্ষোভ মিছিলের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ৭

গত ১০ মার্চ পুনরায় গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিল দাবিতে আরেক ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায় অ্যাকাউন্টটিতে। অনুসন্ধানে দেখা যায়, যমুনা টিভির লোগো সংবলিত উক্ত ফটোকার্ডটিও ভুয়া প্রথম ফটোকার্ডটির মত এটিতেও স্কটল্যান্ডের Edinburgh’s Hogmanay উৎসবের মশাল মিছিলের ছবি ব্যবহার করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ৮

ময়মনসিংহে ছাত্রলীগের ঝটিকা মিছিলের দাবিতে যমুনা টিভির লোগো সংবলিত প্রচারিত আরেকটি ফটোকার্ডের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফটোকার্ডটি ২০২৩ সালে বিএনপির ডাকা অবরোধের প্রেক্ষিতে নারায়াণগঞ্জে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলের ছবি ব্যবহার করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ৯

‘Shuvo Gine’ নামের এই অ্যাকাউন্টটি থেকে গাজায় নারী-শিশু হত্যাসহ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিলের ছবিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের শাহবাগ দখলের ছবি দাবিতেও যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

ফটোকার্ড যাচাই ১০

পরবর্তীতে গোপালগঞ্জে নারীদের মোমবাতি ও মশাল মিছিলের দাবিতে যমুনা টিভির লোগো সংবলিত আরেকটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। তবে পর্যালোচনায় উক্ত ছবি ও শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড-ই গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত হতে দেখা যায়নি।

এছাড়াও যমুনা টিভির ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত এই ফটোকার্ডের শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি ২০২৪ সালের জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের মশাল মিছিলের। সেসময় দেশব্যাপী চলা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বাধা ও হামলা-মামলার ঘটনায় তারা এই কর্মসূচি পালন করেন। অর্থাৎ, এর সাথে আলোচিত দাবির কোনো সর্ম্পক নেই।

ফটোকার্ড যাচাই ১১

স্কটল্যান্ডের Edinburgh’s Hogmanay উৎসবের মশাল মিছিলের ভিন্ন আরেকটি ছবি ব্যবহার করে ‘গোপালগঞ্জ নারী পুরুষ এক সাথে হাই স্কুল মাঠ থেকে মশাল মিছিল শুরু করল’ শিরোনামে যমুনা টিভির নামে আরেকটি ভুয়া ফটোকার্ডও প্রচারিত হতে দেখা যায় অ্যাকাউন্টটিতে।

ফটোকার্ড যাচাই ১২

পরবর্তীতে কিশোরগঞ্জ-৪ আসনের আলোচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ‘শেখ হাসিনা ফিরবে কারো বাপের ক্ষমতা নেই শেখ হাসিনাকে আটকাবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

তবে যমুনা টিভির ফেসবুক পেজ পর্যালোচনা করে এমন কোনো ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও অন্যকোনো গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে তার এমন মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, বাকি ফটোকার্ডগুলোর মত এটিও যমুনা টিভির নামে প্রচারিত একটি ভুয়া ফটোকার্ড।

ফটোকার্ড যাচাই ১৩

অ্যাকাউন্টটিতে প্রচারিত যমুনা টিভির লোগো সংবলিত আরেকটি ফটোকার্ডে একটি মিছিলের ছবি প্রচার করে দাবি করা হয়, এটি ঢাকার উত্তরায় আওয়ামী লীগের মিছিলের ছবি। তবে অনুসন্ধানে জানা যায়, ছবিটি গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত একটি মিছিলের ভিডিও থেকে নেওয়া। এছাড়াও দেখা যায়, যমুনা টিভি উক্ত ফটোকার্ডটি করেনি। বরং, ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে গণমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্য রয়েছে। যা থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

ফটোকার্ড যাচাই ১৪

পূর্বের মত গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলের দাবিতে স্কটল্যান্ডের Edinburgh’s Hogmanay উৎসবের মশাল মিছিলের ছবি ব্যবহার করে যমুনা টিভির নামে আরও একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। অনুসন্ধানে দেখা যায়, এই ফটোকার্ডটিও ভুয়া ও বানোয়াট। যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

ফটোকার্ড যাচাই ১৫

এই প্রতিবেদন লেখার সময় সর্বশেষ অ্যাকাউন্টটিতে সিলেটে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের দাবিতে আরেকটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। কিন্তু গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যালোচনা করে উক্ত ছবি ও শিরোনামে কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও উভয় ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। অনুসন্ধানে দেখা যায়, ছবিটি ২০২২ সালে ছাত্রলীগের তৎকালীন নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল করার। অর্থাৎ, ছবিটি সিলেট আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের কোনো মিছিলের না হলেও সিলেট ছাত্রলীগের পুরোনো মিছিলের। কিন্তু যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। কারণ যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি।

প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে দেখা যায়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি থেকে যমুনা টিভির নামে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি সংক্রান্ত সর্বোচ্চ ৬টি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের শাহবাগ দখল এবং ঢাকাসহ সিলেটে দলটির কর্মসূচির দাবিতেও একাধিক ফটোকার্ড প্রচার করা হয়েছে। পর্যালোচনায় আরও দেখা যায়, এসব ফটোকার্ডে ব্যবহৃত ছবিগুলো প্রকৃতপক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের পুরোনো কর্মসূচির ছবি এবং বিদেশি উৎসবের ছবি থেকে নেওয়া। অর্থাৎ, পুরোনো ও ভিন্ন প্রেক্ষাপটের এসব ছবি ব্যবহার করে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে সেগুলো প্রচার করা হয়েছে।

অপতথ্যের নেপথ্য ফেসবুক অ্যাকাউন্ট

যমুনা টেলিভিশনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর সঙ্গে জড়িত ‘Shuvo Gine’ নামের এই ফেসবুক অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, অ্যাকাউন্টটি খুবই সাম্প্রতিক সময়ে, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি চালু করা হয়েছে। দেখা যায়, অ্যাকাউন্টটি চালু হওয়ার পর থেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে নিয়মিত প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। এই প্রচারণার অন্যতম একটি কৌশল হিসেবে ভুয়া ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে। কখনো এসব ফটোকার্ড বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করে তৈরি করা হয়, আবার কখনো স্যাটায়ার পেজের ফটোকার্ডও প্রচার করতে দেখা যায়। এসব ভুয়া ফটোকার্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং অনেকে বিভ্রান্ত হচ্ছেনও, যা পোস্টগুলোর প্রতিক্রিয়া (রিয়্যাক্ট) ও মন্তব্যের ঘর পর্যালোচনা করলেই স্পষ্টভাবে বোঝা যায়।

Share: