গত ৪ ডিসেম্বর যমুনা টেলিভিশনের টকশো ‘রাজনীতি’ তে অতিথি ব্যারিস্টার শাহরিয়ার কবির বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় প্রতিবাদ করেন উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল। এরই প্রেক্ষিতে, ‘বঙ্গবন্ধুকে অপমান করেছে বলে যমুনা টেলিভিশনের উপস্থাপিকা নিকন আপু প্রতিবাদ করেছে বলে তাকে যমুনা টেলিভিশন থেকে চাকরি থেকে প্রত্যাহার করেছেন ভয় নেই আপু বঙ্গবন্ধুর সৈনিকেরা মরে নাই এখনো বেঁচে আছে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই একটু শেয়ার করে দেন ভিডিওটা’ শিরোনামে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত দাবি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি পোস্টটি ২ লাখ ৮১ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ব্যারিস্টার শাহরিয়ার কবির বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় প্রতিবাদ করায় যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোলকে বরখাস্ত করার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর উপস্থাপিকা নিকোলকে বরখাস্ত করার দাবিটি ছড়ালেও ৭ ডিসেম্বর যমুনা টিভির টকশো রাজনীতির নতুন পর্ব ‘নতুন জোটের মুখপাত্র নাহিদ’ উপস্থাপনা করতে দেখা যায় নিকোলকে।
বঙ্গবন্ধুকে অপমানের প্রতিবাদ করায় নিকোলকে বরখাস্ত করার বিষয়ে যমুনা টিভি কিংবা বিশ্বস্তসূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।
পরবর্তীতে, এ বিষয়ে আরও নিশ্চিত হতে যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, এমন কিছু ঘটেনি।
সুতরাং, ব্যারিস্টার শাহরিয়ার কবির বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় প্রতিবাদ করায় যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোলকে বরখাস্ত করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho – বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় প্রতিবাদ করলেন উপস্থাপিকা!
- Jamuna TV – নতুন জোটের মুখপাত্র নাহিদ | রাজনীতি | Rajniti | 07 December 2025 | Jamuna TV
- Statement of Editor of Jamuna TV New Media Department


