তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার উপদেষ্টা ড. মাহদীর বক্তব্য দাবিতে জনকণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন ‘বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত শুধু তারেক রহমান ছাড়া’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক জনকণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত শুধু তারেক রহমান ছাড়া’ শিরোনামে দৈনিক জনকণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া মাহদী আমিনও তারেক রহমানকে নিয়ে এমন কোনো মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, জনকণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো রয়েছে। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৬ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৬ জানুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, জনকণ্ঠের ফেসবুক পেজে গত ২৬ জানুয়ারি ‘বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। মূল ফটোকার্ডে ‘বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে লেখা রয়েছে ‘বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত শুধু তারেক রহমান ছাড়া’। এছাড়াও জনকণ্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে ফটোকার্ডটির মন্তব্যের ঘরে থেকে প্রাপ্ত বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, ২৬ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন জানান, ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাদের মধ্যে ৮৫ জন ইতোমধ্যে সংসদ সদস্য ছিলেন ও ১৯ জন বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও বিএনপি মনোনীত প্রার্থীদের স্বকীয়তা রয়েছে এবং ২৩৭ জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন। তবে, প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে কোনো মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে তার উপদেষ্টা ড. মাহদী আমিনের মন্তব্য দাবিতে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Daily Janakantha – Facebook Page
  • Daily Janakantha – Website
  • Daily Janakantha – YouTube Channel
  • Daily Janakantha – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: