জাপানের সাম্প্রতিক ভূমিকম্পের দৃশ্য দাবিতে গণমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও প্রচার

গত ৬ জানুয়ারি ভোরে জাপানের পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের দৃশ্য দাবিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে অন্তত তিনটি ছবি ও একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়

প্রথম ছবিসহ গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন: যমুনা টিভি (ফেসবুক), বাংলানিউজ২৪, নিউজজি২৪, রূপালী বাংলাদেশ, পদ্মা নিউজ (ফেসবুক), গ্রামনগরবার্তা

দ্বিতীয় ছবিসহ গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন: স্টার নিউজ (ফেসবুক)।

তৃতীয় ছবিসহ গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন: ঢাকা টুডে

ভিডিওটিসহ গণমাধ্যমে প্রচারিত দাবি দেখুন: ইত্তেফাক (ফেসবুক)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত তিনটি ছবি ও একটি ভিডিও গত ০৬ জানুয়ারি জাপানের পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের নয়। প্রকৃতপক্ষে, তিনটি ছবির মধ্যে দুইটি ২০২৪ সালে জাপানে সংঘটিত ভূমিকম্পের এবং একটি ছবি ২০২২ সালে দেশটিতে ঘটে যাওয়া ভূমিকম্পের। এছাড়া, প্রচারিত ভিডিওটিও ২০২৪ সালে জাপানে সংঘটিত একটি ভূমিকম্পের।

জাপানের গত ৬ জানুয়ারির ভূমিকম্পের দৃশ্য দাবিতে দেশের গণমাধ্যমে প্রচারিত আলোচিত তিনটি ছবি ও একটি ভিডিও পৃথকভাবে যাচাই করে রিউমর স্ক্যানার।


ছবি যাচাই-১

একটি ফাটল ধরা রাস্তার ছবি জাপানের গত ০৬ জানুয়ারির গত ০৬ জানুয়ারির ভূমিকম্প সংক্রান্ত প্রতিবেদনে ব্যবহার করা হয়। ছবিটির বিষয়ে অনুসন্ধানে স্টক ফটো ওয়েবসাইট অ্যালামিতে একই ছবির সন্ধান পাওয়া যায়। অ্যালামির তথ্য অনুযায়ী, ছবিটি ২০২৪ সালের ১ জানুয়ারি জাপানি সাগরের উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় আঘাত হানা রিখটার স্কেলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসযজ্ঞের। একই ছবি ও তথ্য বিবিসিফক্স নিউজের প্রতিবেদনেও পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ছবিটি ২০২৪ সালের।

ছবি যাচাই-২

একটি বাড়ির প্রবেশপথের গেট ভেঙে পড়ার ছবি গত ০৬ জানুয়ারির ভূমিকম্প সংক্রান্ত প্রতিবেদনে ব্যবহার করা হয়। তবে অনুসন্ধানে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে ছবিটি সংযুক্ত রয়েছে। প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ছবিটি ২০২২ সালের ২২ জানুয়ারি জাপানের ওহিতা অঞ্চলে একটি আবাসিক বাড়ির প্রবেশপথের গেট বা তোরণ ভেঙে পড়ার দৃশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, সেদিন ভোরে দক্ষিণ-পশ্চিম জাপানে রিখটার স্কেলে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

অর্থাৎ, প্রচারিত ছবিটি ২০২২ সালের ভূমিকম্পের।

ছবি যাচাই-৩

হেলে পড়া একটি ভবনের ছবি গত ০৬ জানুয়ারির ভূমিকম্প সংক্রান্ত প্রতিবেদনে ব্যবহার করা হয়। তবে অনুসন্ধানে টোকিওভিত্তিক সংবাদ সংস্থা কিয়োদো নিউজের ওয়েবসাইটে ২০২৪ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবির সন্ধান পাওয়া যায়। ওই প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ছবিটি ২০২৪ সালের ০২ জানুয়ারি জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে হেলে পড়া একটি ভবনের দৃশ্য।

অর্থাৎ, প্রচারিত ছবিটি ২০২৪ সালের।

ভিডিও যাচাই

ভূমিকম্পের সময় একটি গাড়ি থেকে সড়কের দৃশ্য ধারণ করা একটি ভিডিও গত ০৬ জানুয়ারির জাপানের ভূমিকম্পের মুহূর্ত বলে দাবি করা হয়। তবে, যাচাই করে ২০২৪ সালের এপ্রিল মাসে একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিওর সন্ধান পাওয়া যায়, যেখানে এটিকে জাপানের ভূমিকম্পের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে জাপানের ওসাকা ভিত্তিক সংবাদমাধ্যম মাইনিচি ব্রডকাস্টিং সিস্টেম (এমবিএস নিউজ)-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ জানুয়ারি প্রকাশিত একই ভিডিওর দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওর বর্ণনা অনুযায়ী, এটি ২০২৪ সালের ১ জানুয়ারি ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপে রেকর্ড করা জাপানি ইনটেনসিটি স্কেল অনুযায়ী সর্বোচ্চ ৭ মাত্রার ভূমিকম্পের ফুটেজ।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের।

সুতরাং, গত ০৬ জানুয়ারির জাপানের ভূমিকম্পের দৃশ্য দাবিতে দেশের গণমাধ্যমে তিনটি পুরোনো ছবি ও একটি ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: