নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ছাত্রদলের অস্ত্রের ঝনঝনানি দাবিতে ডিবিসির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘জাতীয় নির্বাচন,কে ঘিরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে, ক্যাম্পাসে ছাত্রদলের অস্রের ঝনঝনানি – আটক ৫ ছাত্রদল কর্মী।’ শিরোনামে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাতীয় নির্বাচন,কে ঘিরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে, ক্যাম্পাসে ছাত্রদলের অস্রের ঝনঝনানি – আটক ৫ ছাত্রদল কর্মী।’ শিরোনামে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজ এর লোগো এবং এটি প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে ০৬ জানুয়ারি, ২০২৬।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ডিবিসি নিউজ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসি নিউজ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ৬ জানুয়ারি ‘নারায়ণগঞ্জে মাদক ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর সঙ্গে প্রচারিত ফটোকার্ডের তারিখ, ডিবিসি নিউজের লোগো ও ছবির মিল রয়েছে। তবে দুই ফটোকার্ডের শিরোনামের পার্থক্য আছে।এছাড়া, ডিবিসি নিউজে ব্যবহৃত শিরোনামের ফন্ট ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ডিবিসি নিউজ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় দৈনিক দেশ রুপান্তরের প্রতিবেদনের সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকা থেকে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। (৬ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন একটি ভবনের দোতলায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ মনিরকে গ্রেপ্তার করে পুলিশ।

সুতরাং, “জাতীয় নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদলের অস্রের ঝনঝনানি – আটক ৫ ছাত্রদল কর্মী।” শীর্ষক দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: