সালমান মুক্তাদিরকে নিয়ে জেসিয়া ইসলামের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড আকারে একটি দাবি ছড়িয়ে পড়ে, যেখানে মডেল ও ২০১৭ সালের মিস বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী জেসিয়া ইসলামকে উদ্ধৃত করে অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির সম্পর্কে একটি মন্তব্য আরোপ করা হয়। প্রচারিত বক্তব্যে বলা হয় “সালমানকে সবাই প্লেবয় হিসেবে চিনলেও সে কিন্তু শারীরিকভাবে অক্ষম মানে কখনো বাবা হতে পারবে না। একারনেই কোনো মেয়ে তার সাথে স্থায়ী হয়নি, শেষমেষ বাচ্চাসহ এক বয়স্ক মহিলাকে বিয়ে করেছে।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালমান মুক্তাদির সম্পর্কে জেসিয়া ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। জেসিয়া ইসলামের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto Television” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ৬ মে একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “This is Gupto TV | একটি Satire & Parody platform. All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।” এছাড়া, পেজটিতে নিয়মিতই এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (, , ) প্রকাশ করা হচ্ছে।

সুতরাং, জেসিয়া ইসলামকে উদ্ধৃত করে সালমান মুক্তাদির সম্পর্কে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Gupto Television – Facebook Post
Share: