ভারতের মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুরের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ভারতে মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুরের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি বাংলাদেশের যশোরে সরকারি খাস জমি উদ্ধারে পরিচালিত একটি উচ্ছেদ অভিযানের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে গত ১৪ মে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির দৃশ্যগত মিল পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি যশোরে পরিচালিত উচ্ছেদ অভিযানের দৃশ্য।

এছাড়া, বাংলা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, যশোরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৫ একর সরকারি খাস জমি উদ্ধার করে। গত ১০ মে সকাল ৯টা থেকে শুরু হয়ে ১১ মে বিকাল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে বিএনপি ও আওয়ামী লীগের তিনটি কার্যালয়সহ চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপশহরের বিভিন্ন ব্লক, গাবতলা মোড়, হাইকোর্ট মোড়, পার্কসংলগ্ন বস্তি ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল এবং দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। উদ্ধার হওয়া জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। তবে উচ্ছেদ হওয়া কিছু ব্যক্তি পূর্ব নোটিশ না পাওয়ার অভিযোগ করেছেন এবং দাবি করেছেন, অতীতে কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। হঠাৎ উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় শতাধিক পরিবার বিপাকে পড়েছেন বলেও তারা জানান।
সুতরাং, বাংলাদেশের যশোরে সরকারি খাস জমি উদ্ধারের উচ্ছেদ অভিযানের ভিডিওকে ভারতের মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুরের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Maasranga News – Facebook Post
- Bangla Tribune – যশোরে আ.লীগ-বিএনপির কার্যালয় ও বস্তিসহ চার শতাধিক স্থাপনা উচ্ছেদ


