ইসরায়েল ছাড়ার টিকিট না পেয়ে ইহুদিদের কাউন্টার ভাঙচুরের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে, ‘ইসরায়েল ছাড়তে টিকিট না পেয়ে কাউন্টার ভা-ঙ-চু-র করলেন সাধারণ ইহুদিরা।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েল ছাড়ার টিকিট না পেয়ে ইহুদিদের কাউন্টার ভাঙচুরের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গতবছরের জুলাইয়ে জেরুজালেমের সিনেমাহলে সংঘটিত সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘Times Of India’ এর ইউটিউব চ্যানেলে গতবছরের ২০ জুলাই “On Cam: Riots Erupt In Jerusalem As Israeli Jews Ransack Movie Theatre, Chant ‘DEATH TO ARABS’” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দ্য জেরুজালেম পোস্টের ওয়েবসাইটে গতবছরের ২০ জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জেরুজালেমের সিনেমা সিটিতে গভীর রাতে ইহুদি কিশোরদের একটি দল আরব ক্যাফেটেরিয়া কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বস্তু নিক্ষেপ করে এবং বর্ণবাদী স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় তিন কর্মী সামান্য আহত হন।
সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করে।
সুতরাং, গতবছরের জুলাইয়ে জেরুজালেমের সিনেমা হলে সংঘটিত সংঘর্ষের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ছাড়ার টিকিট না পেয়ে ইহুদিদের কাউন্টার ভাঙচুরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

