গত ০৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল একে অপরের বিরুদ্ধে নানান পাল্টাপাল্টি অভিযোগ তোলে। এসব ঘটনার প্রেক্ষিতে ‘জকসু নির্বাচনে বোরকা পড়া পুরুষ শিবির-কর্মী আ”টক’ ক্যাপশনে ‘মাথায় হিজাব, গায়ে বোরকা তল্লাশিতে ধ’রা পড়ল পুরুষ শিবির-কর্মী’ শিরোনামের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো পুরুষ কর্মীর বোরকা পরিহিত অবস্থায় আটক হওয়ার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্য ও ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Gorom TV’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Gorom TV’ নামক ফেসবুক পেজে গত ০৬ জানুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

Gorom TV’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি ব্যঙ্গ ও বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।
এছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম (১, ২) সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে শালবাগান পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় বোরকা পরিহিত অবস্থায় একজন রোহিঙ্গা শরণার্থী যুবককে আটক করা হয়। উক্ত ছবিগুলো এই ঘটনার দৃশ্য।

আটককৃত ওই যুবকের নাম রশিদ আহমদ (২৭)। সে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমদের ছেলে। পুলিশ ধারণা অনুযায়ী, রশিদ নারী সেজে বোরকা ও মোজা পরে ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন, যার উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়া এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া।
অর্থাৎ, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সাথে সাম্প্রতিক জকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও ব্যবহার করে ভিন্ন সময়ে বিভিন্ন দাবিতে প্রচার করা হলে সেসময়ে রিউমর স্ক্যানার একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন (১, ২) প্রকাশ করে।
সুতরাং, জকসু নির্বাচনে ভোটকেন্দ্র থেকে বোরকা পরিহিত শিবির কর্মীকে আটক দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Jamuna TV – Facebook Post
- Dhaka Mail – বোরকা পরে নারী সেজে পালানোর চেষ্টায় রোহিঙ্গা যুবক আটক


