লালমনিরহাটে যৌথ বাহিনীর মহড়ার ভিডিওকে সেনা সদস্যদের সাথে জনগণের ধস্তাধস্তির দৃশ্য দাবিতে প্রচার 

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে উপস্থিত জনতার ধস্তাধস্তির দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনীর সদস্যদের সাথে উপস্থিত জনতার ধস্তাধস্তির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে যৌথ বাহিনীর একটি মহড়ার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে সময় টিভির ওয়েবসাইটে গত ৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারিতে লালমনিরহাট সদর উপজেলার নেছারিয়া কামিল মাদ্রাসাকে ভোটকেন্দ্র সাজিয়ে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ সকল বাহিনীর সমন্বিত একটি মহড়ার আয়োজন করা হয়। এই মহড়ায় ভোটকেন্দ্র দখল বা বিশৃঙ্খলা ঠেকানোর কৌশল তুলে ধরা হয়।

পরবর্তীতে, সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ৬ ফেব্রুয়ারিতে লালমনিরহাটে যৌথ বাহিনীর একই মহড়ার ভিডিও প্রচার হতে দেখা যায়।

অর্থাৎ, এটি কোনো বাস্তব সংঘাত নয়, বরং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের একটি মহড়া মাত্র তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, আসন্ন নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে যৌথ বাহিনীর একটি মহড়ার ভিডিওকে সেনাবাহিনীর সদস্যদের সাথে উপস্থিত জনতার ধস্তাধস্তির বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: