‘২০৩১ সালে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো’ বলে মন্তব্য করেননি সজীব ওয়াজেদ জয়

সম্প্রতি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রসঙ্গ উল্লেখ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘২০৩১ সালে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো’। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘২০৩১ সালে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো’ শীর্ষক মন্তব্য করেননি সজীব ওয়াজেদ জয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘জানিনা টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘জানিনা টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজটির বায়োতে দেখা যায়, ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়(,২,)। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, সজীব ওয়াজেদ জয় ‘২০৩১ সালে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: