মার্কিন কর্মকর্তাদের সাথে জয়ের নির্বাচনী সংলাপে যাওয়ার দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর প্রেক্ষিতে সম্প্রতি, নির্বাচন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে সজীব ওয়াজেদ জয়ের আলোচনায় যাওয়ার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।  প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, উক্ত আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সজীব ওয়াজেদ জয়ের নির্বাচন বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনায় যাওয়া মুুুহূর্তে ধারণ করা তার গাড়িবহরের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০১৪ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। জানা যায়, সে সময় অনুষ্ঠিত জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের একটি গাড়িবহরকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য এটি।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে কোনো মার্কিন দলের সাথে সজীব ওয়াজেদ জয়ের নির্বাচন বিষয়ে আলোচনার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Ace2k7 নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালে ২৫ সেপ্টেম্বর আলোচিত ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম ও বিস্তারিত বিবরণীতে উল্লেখ করা হয়, এটি জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি গাড়িবহরকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার ভিডিও। ভিডিওটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহ্যাটনে ধারণ করা হয়েছে বলে শিরোনাম থেকে জানা যায়।

অনুসন্ধানে জানা যায়, ২০১৪ সালের ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। তাই ধারণা করা যাচ্ছে, আলোচিত ভিডিওটি সেই অধিবেশনেই অংশ নেওয়া কোনো বিশেষ দলকে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার ভিডিও।

সুতরাং, ইন্টারনেটে বিদ্যমান পুরোনো ভিডিওকে নির্বাচন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে সজীব ওয়াজেদ জয়ের আলোচনায় যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: