চালক ও হেল্পারকে শ্রমিকদল নেতার নির্যাতনের দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় চালক ও হেল্পারকে কথিত শ্রমিকদল সভাপতি সুমনের নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে বিভিন্ন  সামাজিক মাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন: ফেসবুক, ইন্সটাগ্রাম

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় কথিত শ্রমিকদল সভাপতি সুমন কর্তৃক চালক ও হেল্পারকে নির্যাতনের কোনো দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি পিকআপ চুরির অভিযোগে দুই ব্যক্তিকে মারধরের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে গত ২২ জুন ‘Amarot Hossen’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই দৃশ্যসংবলিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি জামালপুর চার রাস্তা এলাকায় একটি পিকআপ গাড়ি চুরির ঘটনার সঙ্গে সম্পর্কিত ভিডিও।

একই দিনে ‘আমাদের কালিয়াকৈর & Amader Kaliakoir’ নামের একটি ফেসবুক পেজে ঘটনাটির কয়েকটি ছবি প্রচার করে উল্লেখ করা হয়, কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় পিকআপ চুরি করতে এসে আপন দুই ভাই জনতার হাতে আটক হন।

এর দুই দিন পর ২৪ জুন ‘MD Zamirul Islam’ নামের একটি ফেসবুক প্রোফাইলে আলোচিত ঘটনা নিয়ে আরেকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে মাইক্রোফোন হাতে এক ব্যক্তি চুরির অভিযোগে মারধরের শিকার ওই দুই ব্যক্তির সাক্ষাৎকার নেন। ভিডিওতে আটক এক ব্যক্তি স্বীকার করেন, তিনি সকাল ৬টার দিকে পিকআপটি নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে তার আপন ভাই, অর্থাৎ অপর আটক ব্যক্তি দাবি করেন, তাকে ঘুরে আসার কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি আগে কখনো এমন কাজ করেননি।

সুতরাং, পিকআপ চুরির অভিযোগে আটক দুই ব্যক্তিকে মারধরের ভিডিওকে ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় কথিত শ্রমিকদল সভাপতি সুমন কর্তৃক চালক ও হেল্পারকে নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: