জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ইস্যুতে মোনামির মন্তব্য দাবিতে যুগান্তরের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘যারা অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ পোষ্ট দিয়ে মেয়েদের সম্মানহানি করে এরপর তারাই আবার মিছিল এগুলো ইতর শ্রেণীর মানুষ। দেশের মানুষ এখন বুঝতে পারতেছে এগুলোই মূলত তারেক রহমানের I Have a Plan এর অংশ’ শীর্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) মন্তব্য দাবিতে সংবাদমাধ্যমে যুগান্তরের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘যারা অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ পোষ্ট দিয়ে মেয়েদের সম্মানহানি করে এরপর তারাই আবার মিছিল এগুলো ইতর শ্রেণীর মানুষ। দেশের মানুষ এখন বুঝতে পারতেছে এগুলোই মূলত তারেক রহমানের I Have a Plan এর অংশ’ শীর্ষক কোনো মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) করেননি এবং উক্ত শিরোনামে যুগান্তরও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যুগান্তরের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যুগান্তরের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে যুগান্তরের ফেসবুক পেজে ১ ফেব্রুয়ারি শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) বক্তব্যে সংবলিত ‘জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘যারা অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ পোষ্ট দিয়ে মেয়েদের সম্মানহানি করে এরপর তারাই আবার মিছিল এগুলো ইতর শ্রেণীর মানুষ। দেশের মানুষ এখন বুঝতে পারতেছে এগুলোই মূলত তারেক রহমানের I Have a Plan এর অংশ’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুগান্তরের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী)। জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যে তিনি এমন মন্তব্য করেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অ্যাকাউন্টটি শনিবার বিকালে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। এ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এক ফেসবুক পোস্টে বলেন, ‘গতকাল থেকে জামায়াত ইস্যুতে আমাকে রিলেট করে অনেকেই অনেক রকম কথা বলছেন। আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই যে রাজনীতির সব বিষয়ে আমাকে রেসপন্স করতে হবে।’
এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে—এমন একটি ব্যাখ্যাসম্বলিত পোস্ট শেয়ার করে তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ থাকায় গতকাল রাতে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না। আজ ঘুম থেকে উঠে সেই ভাইরাল পোস্ট দেখি এবং ইতোমধ্যে জামায়াত থেকে এর রেসপন্স/ক্লারিফিকেশন এসেছে। জামায়াতের এই এক্সপ্ল্যানেইশন শুনে আমার মনে হয়নি সেই পোস্টটি তাদের টিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে। জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লেরিফিকাশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি। আপনি বা আপনারা কনভিনিয়েন্সড না হলে সেটা আপনার বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।’
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ‘যারা অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ পোষ্ট দিয়ে মেয়েদের সম্মানহানি করে এরপর তারাই আবার মিছিল এগুলো ইতর শ্রেণীর মানুষ। দেশের মানুষ এখন বুঝতে পারতেছে এগুলোই মূলত তারেক রহমানের I Have a Plan এর অংশ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jugantor : Facebook Post
- Jugantor : Website
- Jugantor : জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

