সম্প্রতি, ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমার ছবিসহ দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে জুমা বলেছেন, ‘২০২৪ সালের জুলাই আগস্টে পর থেকে আমি আর দেহ ব্যবসা করি না স্বীকারোক্তি’।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে দৈনিক যুগান্তর কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া ফাতিমা তাসনিম জুমাও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যুগান্তরের লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘৯ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ৯ মার্চ কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, যুগান্তরের ফেসবুক পেজে গত ৯ মার্চ ‘’শু’টার ফয়সালের সঙ্গে সেলফির’ বিষয়ে যা বললেন জুমা’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। যুগান্তরের ফটোকার্ডে ‘‘শু’টার ফয়সালের সঙ্গে সেলফির’ বিষয়ে যা বললেন জুমা’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে ‘২০২৪ সালের জুলাই আগস্টে পর থেকে আমি আর দেহ ব্যবসা করি না স্বীকারোক্তি’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
এছাড়াও যুগান্তরের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ফাতিমা তাসনিম জুমার মন্তব্য দাবিতে যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jugantor – Facebook Page
- Jugantor – Website
- Jugantor – YouTube Channel
- Jugantor – Facebook Post


