তারেক রহমানকে জড়িয়ে নুরুল হক নুরের মন্তব্য দাবিতে যুগান্তরের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গণঅধিকার পরিষদের ) সভাপতি নুরুল হক নুর ‘তারেক রহমান সাহেব ভারতে মুচলেকা দিয়েছে এটি ভোটের মাঠে প্রভাব পড়বে না। রাজনীতি করার অধিকার সবার আছে, তারেক রহমান সাহেবেরও আছে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে দৈনিক যুগান্তর কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া নুরুল হক নুরও তারেক রহমানকে নিয়ে এমন কোনোমন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যুগান্তরের লোগো রয়েছে। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৮ জানুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, যুগান্তরের ফেসবুক পেজে গত ১৮ জানুয়ারি ‘কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না: নুর’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। মূল ফটোকার্ডে ‘কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না: নুর’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে লেখা রয়েছে ‘তারেক রহমান সাহেব ভারতে মুচলেকা দিয়েছে এটি ভোটের মাঠে প্রভাব পড়বে না। রাজনীতি করার অধিকার সবার আছে, তারেক রহমান সাহেবেরও আছে।’। এছাড়াও যুগান্তরের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, তারেক রহমানকে নিয়ে নুরুল হক নুরের মন্তব্য দাবিতে যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Daily Jugantor – Facebook Page
  • Daily Jugantor – Website
  • Daily Jugantor – YouTube Channel
  • Daily Jugantor – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: