ঢাকা ছাত্রলীগের দখলে দাবিতে জুলাই আন্দোলনের ভিডিও প্রচার 

সম্প্রতি, “ঢাকা শহর ছাত্রলীগের দখলে। শেখ হাসিনা দেশে আসবেন খুব শীগ্রই” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিংবা সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘AP’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৬ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শুরুর ১১ সেকেন্ড সময়ের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন এবং বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের দৃশ্য।

পরবর্তীতে, ডেনমার্কের সংবাদমাধ্যম ‘DR News’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২১ জুলাইয়ে একই ভিডিও সংযুক্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটির বিস্তারিত অংশেও এটিকে ২০২৪ সালের জুলাই আন্দোলনের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিংবা সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় ছাত্রলীগের বিক্ষোভ দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: