সম্প্রতি ‘আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে গেলো এক জুলাই যোদ্ধা!’ ক্যাপশনে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন জুলাই যোদ্ধার আহত হওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও কোনো জুলাই যোদ্ধার আহত হওয়ার দৃশ্য নয় এবং ঘটনাটি বাংলাদেশে ঘটেনি। প্রকৃতপক্ষে, ভারতের রাজস্থান রাজ্যে দীপাবলি উদযাপনকালে একটি দুর্ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Deoli Channel নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২২ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি দেওলি নামক স্থানে দীপাবলি উৎসবে আতশবাজি ফোটানোর প্রতিযোগিতায় ঘটা একটি দুর্ঘটনার দৃশ্য।
উক্ত তথ্যের সূত্র ধরে ভারতের গণমাধ্যম NDTV এর ইউটিউব চ্যানেলে গত ২৩ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওতেও একই দৃশ্য দেখা যায়।

উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, ভারতের রাজস্থান রাজ্যের দেওলিতে দীপাবলি উদযাপনের সময় বেশ কয়েকজন যুবক একে অপরের দিকে জ্বলন্ত আতশবাজি ছুঁড়ছিল। সেই সময় এক যুবকের হাতে একটি আতশবাজি ফেটে যায় এবং বিস্ফোরণের সাথে সাথে সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় এবং আহত হয়। এতে তার মাথায় দশটিরও বেশি সেলাই দিতে হয়েছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি।
সুতরাং, বাংলাদেশে জনৈক জুলাই যোদ্ধার আহত হওয়ার দৃশ্য দাবিতে ভারতের একটি দুর্ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Deoli Channel – Instagram Post
- NDTV – YouTube Video


