ছাত্রদল কর্তৃক জুলাই গ্রাফিতি অঙ্কনকারীকে হত্যা দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

গত ১৮ মে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একদল তরুণ-তরণীর ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে এক তরুণীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে গেলে একজন গ্রাফিতি অঙ্কনকারীকে ছাত্রদল গুলি করে হত্যা করেছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামে ছাত্রদল কর্তৃক জুলাই গ্রাফিতি অঙ্কনকারীকে গুলি করে হত্যার কোনো ঘটনা ঘটেনি এবং ভিডিওর ঘটনাটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৭ সালে রাজধানীর সদরঘাটের শরিফ মার্কেট এলাকায় একটি ভবন থেকে পড়ে রাকিব নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। এটি সেই ঘটনার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ‘চলো পাল্টাই’ নামের একটি ফেসবুক পেজে ২০১৭ সালের ১৪ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। পর্যালোচনায় দেখা যায়, ওই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত পোস্টে দাবি করা হয়, ‘ব্লু হোয়েল’ গেমের প্ররোচনায় এক কিশোর পুরান ঢাকার সদরঘাট এলাকার শরিফ মার্কেটে অবস্থিত গ্রেট ওয়াল নামের একটি শপিং কমপ্লেক্সের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।

একই দাবিসহ ওই সময় ভিডিওটি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকেও প্রচার করা হয়েছিল। সংশ্লিষ্ট পোস্টগুলো দেখা যাবে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে

পাশাপাশি, আলোচ্য ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করা ‘Mahfuz Hossain’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০১৭ সালের ১৩ অক্টোবর প্রকাশিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের সাদৃশ্য রয়েছে। উক্ত পোস্টের ক্যাপশনে এটি ‘ব্লু হোয়েল’ এর পরিণতি বলে ধারণার কথা জানানো হয়।

উক্ত পোস্টগুলো থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে ২০১৭ সালের ১৪ অক্টোবর জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে প্রকাশিত আলোচিত ঘটনা সংশ্লিষ্ট একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, ঢাকার কোতোয়ালি থানা এলাকার সদরঘাট শরীফ মার্কেট ভবন থেকে পড়ে রাকিব নামের এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হয়।

এছাড়া, একই বিষয়ে জাগো নিউজের ওয়েবসাইটে ২০১৭ সালের ১৩ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের একাংশ ঘটনাটিকে ‘ব্লু হোয়েল’ গেমের পরিণতি বলে দাবি করলেও পুলিশের ভাষ্য অনুযায়ী, এটি আত্মহত্যার ঘটনা এবং ঘটনার সঙ্গে ‘ব্লু হোয়েল’ গেমের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ২০১৭ সালে রাজধানীর সদরঘাটের শরীফ মার্কেট এলাকায় রাকিব নামের এক যুবকের ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনাকে সাম্প্রতিক সময়ে জুলাই গ্রাফিতি অঙ্কনকারীকে ছাত্রদল কর্তৃক গুলি করে হত্যা দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: