ফিনল্যান্ডের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল জুলাই আন্দোলনকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেননি

সম্প্রতি, ফিনল্যান্ডের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল বাংলাদেশ জুলাই আন্দোলন এবং পাঁচ আগস্টের তদন্তের রিপোর্ট পর্যালোচনা করে জুলাই আন্দোলনকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিসহ কিছু তথ্য সম্বলিত একটি পোস্ট ‘Tamanna Akhter Yesman’ নামক একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে এবং উক্ত অ্যাকাউন্ট থেকে ফেসবুকের একাধিক গ্রুপে তা শেয়ার করা হয়েছে।

পোস্টটির ক্যাপশনে বলা হয়েছে,

“ব্রেকিং নিউজ
বাংলাদেশ জুলাই আন্দোলন এবং পাঁচ আগস্টের তদন্তের রিপোর্ট পর্যালোচনা করে জুলাই আন্দোলনকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ড গোয়েন্দা সংস্থা প্রতিনিধি দল।
ইরানের এসেম্বলিতে এক বৈঠক চলাকালে এই মন্তব্য করেন প্রতিনিধি দলটি।
আমি টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছি
আমরা একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ সুপরিকল্পিত বৈঠক করতে সক্ষম হয়েছি” (বানান অপরিবর্তিত)

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ফিনল্যান্ডের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল বাংলাদেশের জুলাই আন্দোলনকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, চলতি বছরের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এইচএইচ শেখ আবদুল্লাহ বিন জায়েদের সুইডেন সফর ও শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠকের ছবি ব্যবহার করে এই ভুয়া দাবি প্রচার করা হয়েছে। তাছাড়া, ছবিতে থাকা নারীর নাম তামান্না আক্তার ইয়াসমান নয়, তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি।

এই বিষয়ে অনুসন্ধানে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে চলতি বছরের ১৩ মার্চে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত দাবিতে থাকা প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়।

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, শেখ আবদুল্লাহ বিন জায়েদ ও সুইডেনের মন্ত্রী বেঞ্জামিন ডুসা দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক-বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করছেন।

পরবর্তীতে, উক্ত বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একই তারিখে অর্থাৎ গত ১৩ মার্চে প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত বৈঠকের একাধিক ছবি শেয়ার করা হয়েছে।

উক্ত পোস্টটির ক্যাপশনে বলা হয়েছে, শেখ আবদুল্লাহ বিন জায়েদ সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসনের সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করছেন।

এছাড়া, আবুধাবিস্থ সুইডেন দূতাবাদের অফিশিয়াল ফেসবুক একাউন্ট থেকে উক্ত বৈঠকের বিষয়ে একাধিক ছবি পোস্ট করা হয়। যেখানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোও দেখতে পাওয়া যায় এবং ক্যাপশন থেকে একই তথ্য জানা যায়।

এই প্রতিবেদনগুলোর কোথাও কথিত দাবির বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করেও আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের কথিত দাবির বিষয়ে গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, আলোচিত ছবিতে থাকা নারীর নাম রিম আল হাশিমি। তিনি বর্তমানে আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমির ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আ. লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা করা হচ্ছে। যে বিষয়ে ফ্যাক্ট-স্টোরি প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আরব আমিরাতের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে আ. লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা

সুতরাং, চলতি বছরের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এইচএইচ শেখ আবদুল্লাহ বিন জায়েদের সুইডেন সফরের ছবিকে সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ডের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের জুলাই আন্দোলন এবং তদন্তের রিপোর্ট পর্যালোচনা সংক্রান্ত বৈঠকের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: