তারেক রহমানের পদত্যাগের দাবিতে দেশে আবার জুলাই বিপ্লব আসতে চলেছে বলে মন্তব্য করেননি মাহমুদা মিতু

সম্প্রতি, ‘জুলাইয়ের রাত গুলো আবার ফিরে এসেছে। কেন জানি মনে হচ্ছে, তারেক রহমানের পদত্যাগের দাবিতে দেশে আবার জুলাই বিপ্লব আসতে চলেছে।’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের পদত্যাগের দাবিতে দেশে আবার জুলাই বিপ্লব আসতে চলেছে বলে মন্তব্য করেননি ডা. মাহমুদা মিতু। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ১৫ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে ডা. মাহমুদা মিতুর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি এমন কোনো মন্তব্য করেননি বলে জানান।
সুতরাং, ডা. মাহমুদা মিতুকে উদ্ধৃত করে ‘জুলাইয়ের রাত গুলো আবার ফিরে এসেছে। কেন জানি মনে হচ্ছে, তারেক রহমানের পদত্যাগের দাবিতে দেশে আবার জুলাই বিপ্লব আসতে চলেছে।’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post

