ডাকসু নেতা মোসাদ্দেক আলী গ্রেফতার দাবিতে জুলাই আন্দোলনের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, মোসাদ্দেক আলীসহ কয়েকজনকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে পুলিশের গ্রেফতার করার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে দেশব্যাপী আন্দোলন চলাকালে ২৯ জুলাই রাজধানীর পুরানা পল্টন থেকে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে গ্রেফতার করা হয়। আলোচিত ভিডিওটি সেসময়ের। মোসাদ্দেক তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমকর্মী আবু বক্কর সিদ্দিকের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৯ জুলাই একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। পোস্টটিতে তিনি উল্লেখ করেন, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে গ্রেফতারের আলোচিত এই ভিডিওটি ২০২৪ সালের ২৯ জুলাইয়ের। শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি থেকে তাকে গ্রেফতার করা হয় বলেও জানা যায় পোস্টটি থেকে।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম বিডিটুডের ফেসবুক পেজে ২০২৪ সালের ২৯ জুলাই মোসাদ্দেককে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে নেওয়ার ভিন্ন এঙ্গেল থেকে ধারণ করা আরেকটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, সেদিন রাজধানীর পল্টন এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক এবং রাফি সহ চারজনকে পুলিশ তুলে নিয়ে যায়।

একই তথ্য পাওয়া যায় সেদিন মূলধারার আরেক গণমাধ্যম দেশ রূপান্তরের প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও। প্রতিবেদনটি থেকে জানা যায়, তার আগেরদিন রাতেই ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করলেও বাইরে থাকা সমন্বয়ক ও সহ-সমন্বকরা তা প্রত্যাখান করে সেদিন সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। তাদের ডাকে সেদিন ঢাকাসহ কয়েকটি জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলেও জানা যায়।

সুতরাং, ২০২৪ সালে ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে পুলিশের গ্রেফতারের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: