গত ২৫ ডিসেম্বর গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার করা হয়। গত ০৫ জানুয়ারি আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এরই প্রেক্ষিতে ‘জুলাইকন্যা তাহরিমার দুই দিনের রিমান্ড। ইন্টেরিম! এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রিমান্ড বাতিল করে অতিসত্বর জামিন দাও।’ ক্যাপশনে তাহরিমা জান্নাত সুরভী দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে থাকা নারী তাহরিমা জান্নাত সুরভী নন। প্রকৃতপক্ষে, জুলাই আন্দোলনকারী ও কনটেন্ট ক্রিয়েটর এথিনা তাবাসসুম মীমের ছবিকে সুরভীর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে এথিনা তাবাসসুম মীমের ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত আলোচিত ছবির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, ছবিতে থাকা ব্যক্তি এথিনা তাবাসসুম মীম নিজেই। ছবিটি ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ের, সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আসার সময়ে টিয়ার গ্যাসজনিত কারণে তার মুখের ত্বক পুড়ে যায়। এটি সেই ঘটনার দৃশ্য।
পরবর্তীতে, তাহরিমা জান্নাত সুরভীর ফেসবুক প্রোফাইলে ২০২৫ সালের ০১ অক্টোবর প্রকাশিত পোস্টে তার ছবি খুঁজে পাওয়া যায়। তার ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত নারীর ছবির তুলনা করলে উভয়ে ভিন্ন ব্যক্তি বলে প্রতীয়মান হয়।

উল্লেখ্য, গত ০৫ জানুয়ারি দুই দিনের রিমান্ডের আদেশ দেওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করা হয়।
সুতরাং, তাহরিমা জান্নাত সুরভীর ছবি দাবিতে এথিনা তাবাসসুম মীমের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Athina Tabassum Mim – Facebook Post
- Tahrima Jannat Surovi – Facebook Post


