খালেদা জিয়ার জানাজায় ওসমান হাদি হত্যার বিচারের স্লোগান দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন, ৩১ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এই ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, খালেদা জিয়ার জানাজায় শহিদ ওসমান হাদি হত্যার দাবিতে স্লোগান দিয়েছে জনতা।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি খালেদা জিয়ার জানাজার নয়। প্রকৃতপক্ষে, গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওসমান হাদির জানাজায় তাঁর হত্যার বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়। ওই ঘটনার ভিডিওই বর্তমানে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশকাল নিউজে প্রকাশিত ‘হাদির জানাজায় লাখো মানুষের ঢল’ শিরোনামে ২০ ডিসেম্বরের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ওসমান হাদির জানাজা নামাজের একাধিক চিত্র সংযুক্ত রয়েছে। এসব ছবির মধ্যে একটি চিত্রের সঙ্গে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। ছবিতে জনতার হাতে প্ল্যাকার্টে ‘আমরা সবাই হাদি’, ‘জুমার দিনে গুলিবিদ্ধ, জুমার রাতে শহিদ’ লেখা দেখা যায়। পাশাপাশি কালো পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকাও দৃশ্যমান, যা প্রচারিত ভিডিওটির সঙ্গে মিল রয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, ডেইলি টাইমসে ২০ ডিসেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে ওসমান হাদির জানাজা নামাজের অনুষ্ঠানে তাঁকে নিয়ে স্লোগান দেওয়ার একটি চিত্র পাওয়া যায়। উক্ত চিত্রটির সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

সুতরাং, ৩১ ডিসেম্বর খালেদা জিয়ার জানাজার দিনে ওসমান হাদিকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে এমন দাবিতে ২০ ডিসেম্বর ওসমান হাদির জানাজার দিনের ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- DeshKal News – হাদির জানাজায় লাখো মানুষের ঢল
- Daily Times – Hadi’s janaza held; burial beside poet Nazrul

