কাবা শরীফের ইমামের ‘রমজানের শেষ দশকের তিন আমল’ দাবিতে ভুয়া তথ্য প্রচার

দাবি করা হচ্ছে, কাবা শরিফের বর্তমান ইমাম শায়খ আবদুর রহমান আল সুদাইস রমজানের শেষ দশকের প্রতিদিন তিনটি বিশেষ আমল করার কথা বলেছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা’আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা’আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর’আন পাঠের সাওয়াব পাবেন।

পোস্টগুলোতে আরও দাবি করা হচ্ছে,

তিনি বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।” (মুসলিম, ২৬৭৪)

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কাবা শরীফের কোনো ইমাম কর্তৃক রমজানের শেষ দশ দিনের বিশেষ আমল নিয়ে এই পরামর্শগুলো দেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, কয়েক বছর ধরেই ইন্টারনেটে ‘কাবা ইমামের ফর্মুলা’ দাবিতে তথ্যটি প্রচার হয়ে আসছে। ২০২৩ সাল থেকে এটি বর্তমান ইমাম শায়খ আবদুর রহমান আল সুদাইসের নামে ছড়ালেও এর আগে শায়খ মাহের আল-মুয়ায়ক্বিলির নামেও একই দাবি প্রচারিত হয়। তবে নির্ভরযোগ্য সূত্র ও হারামাইন শরীফের অফিশিয়াল সূত্রের বরাতে বিষয়টি ভুয়া বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

একই দাবি পূর্বেও প্রচারিত হওয়ায় ২০২৪ সালে বিষয়টি যাচাই করে দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

কাবা শরীফের কোনো ইমাম রমজানের শেষ দশ দিনের বিশেষ আমল নিয়ে এই পরামর্শগুলো দেননি

Share: