কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গত ১৬ মে লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ (১৮ মে) মুন্সীগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হয়েছে। এরই প্রেক্ষিতে গত ১৭ মে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাপের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ‘কারিনা কায়সারের ক’বর খুঁড়তে বেড়িয়ে এলো সাপ।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কারিনা কায়সারের কবর খুঁড়তে সাপ বেরিয়ে আসার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি কারিনা কায়সারের মৃত্যুর অন্তত ২ বছর আগে ২০২৪ সাল থেকেই অনলাইনে বিদ্যমান রয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘الموصل تجمعنا’ নামক একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ৯ মে তারিখে আলোচিত ভিডিও প্রচার হতে দেখা যায়। তবে পোস্টে ভিডিওর প্রেক্ষাপটের বিষয়ে কোনো বিস্তারিত তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

পাশাপাশি, ভিডিওটি ‘Mohammad Dawood Zazai’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ২০২৪ সালের ১ সেপ্টেম্বরে প্রচার হতে দেখা যায়। উক্ত পোস্টেও ভিডিওর প্রেক্ষাপটের বিষয়ে কোনো বিস্তারিত তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
তবে উপরোক্ত ভিডিওগুলো প্রচারের সময়কাল লক্ষ্য করলে স্পষ্ট যে ভিডিওটি কারিনা কায়সারের মৃত্যুর অনেক আগে থেকেই অনলাইনে বিদ্যমান রয়েছে।
সুতরাং, কারিনা কায়সারের কবর খুঁড়তে সাপ বেরিয়ে আসার দৃশ্য দাবিতে অন্তত ২ বছর পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- الموصل تجمعنا – Facebook Post
- Mohammad Dawood Zazai – Instagram Post


