শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাদের সিদ্দিকীর হুশিয়ারি দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “কঠিন হুংকার দিলো বঙ্গবীর কাদের সিদ্দিকী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর তারেক রহমানকে হুঁশিয়ারি করলেন” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬১ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্যের খন্ডিত অংশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘সংবাদ প্রবাহ’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ আগস্ট ‘রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি সেই পাকিস্তান হতে দেওয়া যাবে না বঙ্গবীর কাদের সিদ্দিকী’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩৫ সেকেন্ড অংশ থেকে ৪০ সেকেন্ড অংশ ও ১ মিনিট ৪০ সেকেন্ড অংশ থেকে ১ মিনিট ৪৮ সেকেন্ড অংশসাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৩০ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপির কাছে বাংলাদেশ ভালো না, পাকিস্তান ভালো। আর যাদের কাছে বাংলাদেশ ভালো না, তারা বাংলাদেশে থাকবে কেন? পাকিস্তানে চলে যাক।

সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (, ) প্রচার করে।

এছাড়া, আলোচিত দাবির ভিডিওতে আরও বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি ও ফুটেজ ব্যবহার করা হয়েছে।

সুতরাং, ২০২৩ সালে কাদের সিদ্দিকীর দেওয়া বক্তব্যের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হুশিয়ারি দেওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: