শেখ হাসিনাকে জড়িয়ে কাদের সিদ্দিকীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে , কৃষক শ্রমিক জনতা লীগের সভাপ‌তি কাদের সিদ্দিকী বলেছেন “কষ্ট হলেও মেনে নেন শেখ হাসিনা ডাক দিলে ১৬ কোটি জনগন রাজপথে আসবে দেশ আবার স্বাধীন করতে হবে”। শীর্ষক দাবিতে কাদের সিদ্দিকীর ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আদালত কর্তৃক দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কাদের সিদ্দিকী এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও এরূপ দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ‘Iqbal Tv’ নামের একটি ফেসবুক পেজে ৩০ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ‘Iqbal Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি। কোনো পোস্ট সিরিয়াসলি বা সত্যকার অর্থে না নেওয়ার অনুরোধ।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

তবে, সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন ওয়েবসাইটে ২০২৫ সালের ১৫নভেম্বর “জয় বাংলা বলায় কাউকে গ্রেফতার করলে আমাকে প্রথমে করেন : কাদের সি‌দ্দিকী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, “কৃষক শ্রমিক জনতা লীগের সভাপ‌তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আজ থেকে বলবো, আমাদের লোকেরা সব সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবে। যদি জয় বাংলা বলা কোনও অপরাধ হয়ে থাকে, জয় বাংলা বললে কাউকে যদি গ্রেফতার করতে হয়, তাহলে আমাকে প্রথমে করেন। তারপর বাকি যারা বলবে, তাদের করেন। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না। তার জন্য সরকার প্রতিকার করে নাই, এইটা তো একতরফা। নাকি দুই তরফা বলা যায়। সরকার একতরফা কাজ করছে।’ শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মা-বাবার কবর জিয়ারতের পর এক সমাবেশে কাদের সিদ্দিকী এ কথা বলেন

সুতরাং, কাদের সিদ্দিকী  “কষ্ট হলেও মেনে নেন শেখ হাসিনা ডাক দিলে ১৬ কোটি জনগন রাজপথে আসবে দেশ আবার স্বাধীন করতে হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা। 

তথ্যসূত্র 

  • বাংলা ট্রিবিউন : Website
  • Iqbal TV: Facebook Post
  • Rumor Scanner’s analysis 
Share: