বিএনপির জনসভায় দলের কর্মীরা ফোন চুরি করেছে দাবিতে কালবেলার সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘বিএনপি’র জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি করে বিএনপির কর্মীরা’ শীর্ষক দাবিতে দৈনিক কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে দৈনিক কালবেলা কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালবেলার লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘৩০ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ৩০ জানুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালবেলার ফেসবুক পেজে গত ৩০ জানুয়ারি ‘বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামের পার্থক্য রয়েছে। কালবেলার ফটোকার্ডে ‘বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে ‘বিএনপি’র জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি করে বিএনপির কর্মীরা’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

পরবর্তীতে কালবেলার ফটোকার্ডটির মন্তব্যের ঘরে থাকা বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ৩০ জানুয়ারি বগুড়ায় জনসভা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উক্ত জনসভায় প্রায় ৫০টির বেশি মোবাইল ফোন চুরি হয়। তবে, প্রতিবেদনে ফোনগুলো বিএনপির কর্মীরা চুরি করেছে, এমন কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও কালবেলার প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, বিএনপির জনসভায় দলের কর্মীরা ফোন চুরি করেছে দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: