আগামীতে প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে তারেক রহমানের মন্তব্য দাবিতে কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে, আমি আর কোন কথা শুনতে চাই না যেকোনো মূল্যে এবার আমাকে প্রধানমন্ত্রী হতেই হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে দৈনিক কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া তারেক রহমানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালের কণ্ঠের লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৪ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৪ জানুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২৪ জানুয়ারি ‘আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের দেশ গড়তে হবে। দেশের প্রতিটি খাত বিগত ১৬ বছরে ধ্বংস হয়েছে। ফলে দেশ অনেক পিছিয়ে গেছে। সেগুলো পুনর্নির্মাণ করা জরুরি। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। কালের কণ্ঠের ফটোকার্ডে ‘আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের দেশ গড়তে হবে। দেশের প্রতিটি খাত বিগত ১৬ বছরে ধ্বংস হয়েছে। ফলে দেশ অনেক পিছিয়ে গেছে। সেগুলো পুনর্নির্মাণ করা জরুরি। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে ‘আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে, আমি আর কোন কথা শুনতে চাই না যেকোনো মূল্যে এবার আমাকে প্রধানমন্ত্রী হতেই হবে : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

এছাড়াও কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, আগামীতে প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে তারেক রহমানের মন্তব্য দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Kaler Kantho – Facebook Page
  • Kaler Kantho – Website
  • Kaler Kantho – YouTube Channel
  • Kaler Kantho – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: