বিএনপিকে জড়িয়ে আমির হামজার মন্তব্য দাবিতে কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজার একটি ভিডিও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেটিতে তাকে একটি মাহফিলে সদ্য প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি তার বক্তব্যের জন্যে দুঃখ প্রকাশ করে তার ফেসবুক পেজে একাধিক পোস্ট করেন। এর পরদিনই তিনি তার পেজে আরেকটি পোস্ট করেন। যেখানে তিনি বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি জানিয়ে তার ৩ শিশু কন্যা সন্তানকে দেখে রাখার আহ্বান জানান। এর প্রেক্ষিতে সম্প্রতি, আমির হামজা ‘আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন, যে কোন সময় আমাকে হত্যা করতে পারে বিএনপির সন্ত্রাসীরা।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন, যে কোন সময় আমাকে হত্যা করতে পারে বিএনপির সন্ত্রাসীরা: আমীর হামজা’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া আমির হামজাও সরাসরি বিএনপিকে উদ্ধৃত আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ জানুয়ারি, ২০২৬-এর উল্লেখ পাওয়া যায়।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং আমির হামজার ফেসবুক পেজ পর্যালোচনা করে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদের অস্তিত্ব মেলেনি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ১৮ জানুয়ারি ‘আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন : আমির হামজা’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে। এছাড়াও লক্ষ্য করা যায় উভয় ফটোকার্ড প্রকাশের তারিখও একই।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। মূল ফটোকার্ডে ‘আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন : আমির হামজা’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে লেখা রয়েছে ‘আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন, যে কোন সময় আমাকে হত্যা করতে পারে বিএনপির সন্ত্রাসীরা: আমীর হামজা’। এছাড়াও কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড পোস্টটির মন্তব্যের ঘরে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা যায়, ফটোকার্ডটি মুফতি আমির হামজার হত্যা হুমকি পাওয়া প্রসঙ্গে করা ফেসবুক পোস্টটি নিয়েই করা হয়েছে। তবে ওই পোস্টটিতে তাকে হত্যার হুমকির বিষয়ে সরাসরি বিএনপিকে উদ্ধৃত করতে দেখা যায়নি।

সুতরাং, আমির হামজা ‘আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন, যে কোন সময় আমাকে হত্যা করতে পারে বিএনপির সন্ত্রাসীরা।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Kaler Kantho – Facebook Page
  • Kaler Kantho – Website
  • Kaler Kantho – YouTube Channel
  • Kaler Kantho – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: