সামান্তা শারমিনের ভুয়া মন্তব্য যুক্ত করে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ‘ফাইনালি আজ স্লোগানটি সত্য প্রমাণিত হলো তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ফাইনালি আজ স্লোগানটি সত্য প্রমাণিত হলো তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!: সংবাদমাধ্যমকে সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি’ শীর্ষক শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং সামান্তা শারমিনও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো ও সামান্তা শারমিনের ছবি রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৭ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেও এবং সামান্তা শারমিনের ফেসবুক অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে গত ২৭ ডিসেম্বর সামান্তা শারমিনকে উদ্ধৃত করে ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল রবিবার ঘোষণা দেওয়া হবে।: সংবাদমাধ্যমকে সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল রবিবার ঘোষণা দেওয়া হবে।: সংবাদমাধ্যমকে সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ফাইনালি আজ স্লোগানটি সত্য প্রমাণিত হলো তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!: সংবাদমাধ্যমকে সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। তাছাড়া, কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ ডিসেম্বর রাতে সামান্তা শারমিন বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। ২৮ ডিসেম্বর এই জোটের ঘোষণা করা হবে।

সুতরাং, সামান্তা শারমিনকে উদ্ধৃত করে ‘ফাইনালি আজ স্লোগানটি সত্য প্রমাণিত হলো তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!: সংবাদমাধ্যমকে সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: