উপদেষ্টা শারমীন এস মুরশিদকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের একটি নিউজ ফটোকার্ডের স্ক্রিনশট প্রচার করা হয়। উক্ত ফটোকার্ডে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “হ্যাঁ ভোট না দিলে আমার মরা মুখ দেখবেন।”

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,উপদেষ্টা শারমীন এস মুরশিদকে উদ্ধৃত করে ‘হ্যাঁ ভোট না দিলে আমার মরা মুখ দেখবেন।’ শীর্ষক তথ্যে বা শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ড তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২০ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

তবে, গত ২০ জানুয়ারি গণমাধ্যমটির ফেসবুক পেজে ‘দেশের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর বিকল্প নেই’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে। তবে প্রচারিত ফটোকার্ডের সঙ্গে কালবেলার শিরোনামের ফন্ট ডিজাইনের অসামঞ্জস্য লক্ষ্য করা যায়।

কালবেলার মূল ফটোকার্ডটিতে ‘দেশের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর বিকল্প নেই’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘”হ্যাঁ” ভোট না দিলে আমার মরা মুখ দেখবেন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে ২০ জানুয়ারি “সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর বিকল্প নেই : শারমীন মুরশিদ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে শারমীন এস. মুরশিদ বলেছেন, গণভোটে ‘না’ ভোট দেওয়া মানে চব্বিশের গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে যাওয়া এবং ‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। তিনি আরও বলেন, গণভোটের বিষয়ে সরকারের নিরপেক্ষতার জায়গা নেই। তবে প্রতিবেদনে ‘হ্যাঁ ভোট না দিলে আমার মরা মুখ দেখবেন’ এ ধরনের কোনো বক্তব্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন ‘”হ্যাঁ” ভোট না দিলে আমার মরা মুখ দেখবেন’ শীর্ষক দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: