সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘কালিহাতি উপজেলা জামায়াতের আমীর শতকোটি টাকার মালিক। অভিযানে বিপুল পরিমাণ মা/দ/ক উদ্ধার।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সম্প্রতি উদ্ধারকৃত মাদকসহ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জামায়াতের আমীরের নয় বরং, গত ২০ জানুয়ারিতে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় অভিযানে আটক মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এনামুল দর্জির ছবিকে এআই প্রযুক্তির সহায়তায় পোশাক পরিবর্তন করে দাঁড়ি সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, কালিহাতী উপজেলা জামায়াতের আমীরের সাথে প্রচারিত ছবির ব্যক্তির কোনো মিল পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘দেশ টিভি’র ওয়েবসাইটে গত ২২ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে আটক ব্যক্তির পোশাক ও দাঁড়ি ব্যতীত বাকী সবকিছুর মিল পাওয়া যায়।

এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, মাদারীপুরে ১১০ বোতল ফেনসিডিলসহ মো. এনামুল দর্জি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২০ জানুয়ারিতে রাতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এনামুলকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও, অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ এর ওয়েবসাইটেও একই ঘটনার দাবিতে উল্লিখিত ভিন্ন পোশাকের, দাঁড়ি ছাড়া ছবিটি গত ২১ জানুয়ারিতে প্রচার হতে দেখা যায়। তবে কোথাও উক্ত মাদক ব্যবসায়ী জামায়াতে ইসলামীর নেতা হওয়ার কোনো উল্লেখ পাওয়া যায়নি।
তবে, অনুসন্ধানে দাঁড়িসহ পাঞ্জাবি পরিহিত ব্যক্তির আলোচিত দাবিতে প্রচারিত হুবহু একই ছবি কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। পাশাপাশি, আলোচিত দাবিতে প্রচারিত ছবির ব্যক্তির ত্বকের গঠনেও অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়। এ থেকে স্পষ্ট যে আলোচিত দাবিতে প্রচারিত মাদারীপুরে ফেনসিডিলসহ আটক এনামুল দর্জির ছবি এআই এর সাহায্যে সম্পাদনা করে তাতে দাঁড়ি সংযুক্ত করে ও পোশাক পরিবর্তন করে পাঞ্জাবি পরিয়ে তৈরি করে প্রচার করা হয়েছে।
পরবর্তীতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জামায়াতের আমীরের বিষয়ে অনুসন্ধানে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী (পারখী ইউনিয়ন)’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ নভেম্বরে প্রচারিত একটি পোস্টে কালিহাতী থানা আমীর মাওলানা মোহাম্মদ আলী মিঞাকে টাঙ্গাইলের কালিহাতীর পালিমা বাজারের এক পথ সভায় বক্তব্য রাখতে দেখা যায়। কালিহাতী উপজেলা জামায়াতের আমীরের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে প্রদর্শিত ব্যক্তির তুলনা করলে দুইজন ভিন্ন ব্যক্তি বলে নিশ্চিত হওয়া যায়।

সুতরাং, গত ২০ জানুয়ারিতে মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এনামুল দর্জির ছবিকে এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে সম্প্রতি উদ্ধারকৃত মাদকসহ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জামায়াতের আমীরের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Desh TV – ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- Barta Bazar – মাদারীপুরে ১১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- বাংলাদেশ জামায়াতে ইসলামী (পারখী ইউনিয়ন) – Facebook Post
- Rumor Scanner’s analysis


