‘লীগের দোসরকে পদোন্নতি, কর্ণফুলীর নতুন ইউএনও রিদুয়ানুল’ দাবিতে চ্যানেল২৪ এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “লীগের ‘দোসর’কে ‘পদোন্নতি’, কর্ণফুলীর নতুন ইউএনও রিদুয়ানুল।ফের প্রশাসনে ফ্যাসিবাদ” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে রিদুয়ানুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়নি এবং চ্যানেল২৪-ও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর নাম ও লোগো ডিজাইন ব্যবহার করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ২১ জুন, ২০২৬। এছাড়া, ফটোকার্ডের নিচের অংশে ফেসবুক পেজের লিংক হিসেবে গণমাধ্যমটির চট্টগ্রামের আঞ্চলিক পেজ ‘Chattogram 24’ এর লিংক রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চট্টগ্রাম২৪ এর এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে চ্যানেল২৪ এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে এই ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, চ্যানেল২৪ এর ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
তাছাড়া, গত ২২ জুন চ্যানেল২৪ এর চট্টগ্রাম ভিত্তিক ফেসবুক পেজ ‘চট্টগ্রাম২৪’ থেকে ‘চ্যানেল ২৪ এই ধরনের কোনো কার্ড প্রচার করেনি। ভাইরাল ভুয়া ফটোকার্ডে বিভ্রান্ত না হওয়ার আহ্বান’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে।
এছাড়াও, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে চট্টগ্রামের কর্ণফুলীতে বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্বে আছেন সজীব কান্তি রুদ্র। তবে সম্প্রতি তাকে বান্দরবান জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে। কর্ণফুলীতে নতুন কোনো ইউএনও নিয়োগ না হওয়ায় বর্তমানে সজীব কান্তি রুদ্রই দায়িত্বে আছেন।
সুতরাং, “লীগের দোসরকে পদোন্নতি, কর্ণফুলীর নতুন ইউএনও রিদুয়ানুল” দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- কর্ণফুলী উপজেলা – Website
- Chattogram 24 – Facebook post

