সম্প্রতি, ‘কলকাতা মসজিদ কবরস্থানে আগুন দিচ্ছে হি*ন্দু*রা ফিলি*স্তিনের পর-এবার ভারতের মুসলিমরা নি*র্যাতিত’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে কলকাতায় মসজিদে অগ্নিসংযোগের নয়। প্রকৃতপক্ষে, কাশ্মীরের শ্রীনগরে জামিয়া আরাবিয়া আশরাফুল উলুমে আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘newsflare’ এর ওয়েবসাইটে গত ১০ এপ্রিল ‘India: Fireman Injured as Massive Blaze Engulfs Darul Uloom in Srinagar’’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন শ্রীনগরের হায়দারপোরা এলাকার জামিয়া আরাবিয়া আশরাফুল উলুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
সেসময় উক্ত ঘটনার ভিন্ন ভিন্ন ফ্রেমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (১, ২, ৩) প্রচার হয়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে গত ১০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন শ্রীনগরের হায়দারপোরা এলাকার জামিয়া আরাবিয়া আশরাফুল উলুমে আগুন লাগে। একজন দমকল কর্মকর্তার বরাতে বলা হয়, ‘অগ্নিদমন অভিযান চলছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’ আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এবিষয়ে অন্যান্য ভারতীয় গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩)প্রকাশ করে।
সুতরাং, কাশ্মীরে জামিয়া আরাবিয়া আশরাফুল উলুমে অগ্নিকাণ্ডের ভিডিওকে কলকাতায় মসজিদে অগ্নিসংযোগের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


